পুরানো পিক্সেল ফোনেও মিলবে রেকর্ডার অ্যাপ
পিক্সেল ৪ এর বিশেষ অ্যাপ রেকর্ডার পুরানো পিক্সেল ফোনেও ব্যবহার করা যাবে। পরবর্তী সফওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি পুরানো পিক্সেল ফোনে পৌঁছে দেবে গুগল।
সোশ্যাল মিডিয়া ফোরাম রেডিটের পিক্সেলকমিউনিটির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানা গেছে।
রেকর্ডার অ্যাপটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে মানুষের কথা ট্রান্সক্রাইব করতে পারে। অর্থাৎ যে কথাই বলা হবে সেটা নোট আকারে লিখবে অ্যাপটি। এতে গুরুত্বপূর্ণ তথ্য, ঘোষণা মনে রাখার প্রয়োজন পড়বে না। অ্যাপ থেকেই সব পাওয়া যাবে।
কবে নাগাদ অন্য পিক্সেল ফোনে অ্যাপটি পাওয়া যাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এই ধরনের রেকর্ডার অ্যাপ এর আগে স্যামসাংয়ের ফোনেও দেখা গেছে। তবে সেই অ্যাপ শুধু অনলাইনে কজ করে। গুগলের অ্যাপটি অফলাইনেও ট্রান্সক্রাইব করতে পারবে।
অ্যাপটি এখনো নিখুঁত নয়। ইংরেজি উচ্চারণে অন্য ভাষার কড়া টান থাকলে অ্যাপটি ঠিকমতো কথা বুঝতে পারে না। যারা খুব দ্রুত কথা বলেন তাদের কথা ট্রান্সক্রাইব করতে গিয়েও সব গুবলেট করে ফেলে অ্যাপটি।
তবে বাজারের ফর্দ, ক্লাস লেকচার, মিটিংয়ের সময় অ্যাপটি ব্যবহার করলে গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাওয়ার আশংকা কম থাকে।










