জাকারবার্গেরও টিকটক অ্যাকাউন্ট আছে!
ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ টিকটকে একটি গোপন অ্যাকাউন্ট তৈরি করেছেন।
সংবাদ মাধ্যম বাজফিডের প্রতিবেদন অনুসারে, অ্যাকাউন্টটির নাম ‘@finkd’। তবে তার গোপন অ্যাকউন্টটিতে কোনো ভেরিফাইড চিহ্ন নেই।
একই নামে তিনি একটি টুইটার অ্যাকাউন্টও ব্যবহার করেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে জাকারবার্গের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যোগসূত্র আছে।
নিজের কোনো পোস্ট না থাকলেও টিকটকে জাকারবার্গ ৬১ জনকে অনুসরণ করছেন। তিনটি বাদে, প্রতিটি অ্যাকাউন্টের নামের পাশে রয়েছে ভেরিফাইড চিহ্ন। বেশিরভাগে অ্যাকাউন্টই কিশোর বয়সী কনটেন্ট ক্রিয়েটরদের, যাদের অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে।
টিকটক সুপারস্টার লরেন গ্রে ও জ্যাকব সার্টোরিয়াসকে তিনি অনুসরণ করেন। এছাড়াও, তারা ফলোয়িং তালিকায় আরিয়ানা গ্র্যান্ডে ও সেলিনা গোমেজের মতো তারকার নাম আছে। টিকটক অ্যাকাউন্টে জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ৪ হাজার ৫ জন।
ফেইসবুকের এখন অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী টিকটক। কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে ২০১৬ সালে টিকটক (তৎকালীন নাম মিউজিকালি) অ্যাপটি কিনতে চেয়েছিলো ফেইসবুক।
কিন্তু অ্যাপটি জনপ্রিয়তা পাবে কিনা সে দ্বিধাদ্বন্দ্বে অধিগ্রহণের প্রক্রিয়া থামিয়ে দেয় ফেইসবুক। পরে চীনের চাইনিজ টেক জায়ান্ট বাইটড্যান্স এক বিলিয়ন ডলারে মিউজিকালি অ্যাপটি কিনে নেয়।










