Main Menu

ফেসবুকে বিনামূল্যে বিজ্ঞাপনের সুবিধা পাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং এ বিষয়ে যাতে মিথ্যা তথ্য না ছড়ায়, সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ফেসবুকে বিনা মূল্যে বিজ্ঞাপন প্রচারের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফেসবুকে এক পোস্টে গত মঙ্গলবার মার্ক এ বিষয়ে জানান।

মার্ক জাকারবার্গ ফেসবুক পোস্টটিতে উল্লেখ করেন, করোনাভাইরাস সম্পর্কে ডব্লিউএইচওর কর্মসূচিতে অন্যান্য মাধ্যমের পাশাপাশি সহযোগিতা হিসেবে যত বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন, তা ফেসবুকের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কোনো ব্যবহারকারী ভাইরাসটি সম্পর্কে অনুসন্ধান করলে পর্দায় পপ-আপ হিসেবে ডব্লিউএইচও বা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ওয়েব ঠিকানা দেখাবে, যাতে সেখান থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া যায়।

করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য ঠেকাতে বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক রিপোর্ট করা মিথ্যা দাবি ও ষড়যন্ত্রমূলক পোস্ট সরিয়ে ফেলা হবে বলে প্রতিশ্রুতি জানান মার্ক জাকারবার্গ। ফেসবুক বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবে, তাদের সহায়তা দেবে এবং বিনা মূল্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করবে।

ফেব্রুয়ারিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনাভাইরাস নিরাময় ও প্রতিরোধ করা যাবে, এমন পণ্যের ভুয়া বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে। কারণ, ভাইরাসটির নিরাময় এখনো উদ্ভাবিত হয়নি। এদিকে পিনটারেস্টে করোনাভাইরাস সম্পর্কে অনুসন্ধান করলে এ–সম্পর্কিত একটি ওয়েব ঠিকানা দেখানো হয়। এদিকে ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য ডব্লিউএইচও টিকটকে অ্যাকাউন্ট খুলেছে। সূত্র: রয়টার্স



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

99 − = 95