আসিয়ান অঞ্চলে ৫জি তৈরিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ জরুরি: আলাদিন
ডিজিটাল রূপান্তরের জন্য ‘৫জি’ ইকোসিস্টেমে আসিয়ান অঞ্চলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আসিয়ান ইকোনমিক কমিউনিটির (এইসি) ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. আলাদিন ডি. রিল্লো।
বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ‘হুয়াওয়ে সাইবার সিকিউরিটি ট্রান্সপারেন্সি সেন্টার’ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘ফাইভ জি’তে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের অংশগ্রহণ যেন নিশ্চিত হয়, সে বিষয়ে যথেষ্ট সচেতন আছি আমরা। যুৎসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি কার্যকর ফাইভ জি ইকোসিস্টেম গড়ে তোলার সক্ষমতা বিবেচনা করলে হুয়াওয়ের মতো বেসরকারিখাতের প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘গোটা বিশ্ব দারুণভাবে আন্তঃসংযুক্ত এবং একীভূত। আমাদের সবার লক্ষ্যই এক, কাজেই সেই লক্ষ্যে পৌঁছাতে হলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। এর ব্যত্যয় কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না’।
আসিয়ানে আমরা ডিজিটালাইজেশনের ওপর খুব জোর দিচ্ছি উল্লেখ করে ডি. রিল্লো বলেন, ‘ভিয়েতনামের নেতৃত্বে এ বছর আমরা ফাইভ জি চালুর চেষ্টা করছি, যেটা ডিজিটাল রূপান্তর এবং বাজার একীভূতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি।”
তিনি বলেন, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এ অঞ্চলে সাইবার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত ফাইভ জি, এআই এবং আইওটিভিত্তিক ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে এটি খুব গুরুত্বপূর্ণ।










