হুয়াওয়ের নিজস্ব সার্চ অ্যাপ!
হুয়াওয়ের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের পর থেকে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে প্রযুক্তি বিশ্বে। এরপর থেকেই টেক জায়ান্ট গুগলের বিকল্প হিসেবে হুয়াওয়ে নিজস্ব অ্যাপ স্টোর ‘অ্যাপগ্যালারি’, হংমেং অপারেটিং সিস্টেম চালু করেছে। এবার গুগল থেকে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নিজস্ব সার্চ ইঞ্জিন অ্যাপ তৈরি করছে হুয়াওয়ে। আর এর নাম দেওয়া হয়েছে ‘হুয়াওয়ে সার্চ’।
সম্প্রতি হুয়াওয়ের নতুন স্মার্টফোনগুলো ডেডিকেটেড সার্চ অ্যাপ ছাড়াই বাজারে এসেছে। তবে খুব তাড়াতাড়ি চীনা টেক জায়ান্টটি নিজেদের সার্চ ইঞ্জিন সেবা নিশ্চিত করবে।
হুয়াওয়ে শুধু ব্রাউজার হোমপেজই আনছে না। ওয়েদার, স্পোর্টস, ইউনিট কনর্ভার্টার ও ক্যালকুলেটরের জন্য আলাদা সেকশনও আনছে। এছাড়াও টগল সার্চ হিস্ট্রি, টগল সেফ সার্চ, চেঞ্জ সার্চ রিজিয়ন ও চেঞ্জ ল্যাঙ্গুয়েজের অপশন থাকবে সেটিংসে। এই সার্চ অ্যাপটি হুয়াওয়ের বিনিয়োগ পাওয়া আইরিশ কোম্পানি অ্যাসপিগল লিমেটেড তৈরি করছে।
গত সপ্তাহ থেকেই ইউএই এর ব্যবহারকারীরা বেটা প্রোগ্রামের আওতায় সার্চ অ্যাপটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তবে কবে নাগাদ সার্চ ইঞ্জিনটি উন্মুক্ত করা হবে সে সম্পর্কে এখনো জানা যায়নি।










