Main Menu

প্রতিদ্বন্দ্বীদের শেষ করতে পারলেই খুশি ফেইসবুক

ফেইসবুকের বাইরের মুখোশ তো হরহামেশাই দেখা যায়।

ভেতরে ভেতরে প্রতিদ্বন্দ্বী ও ব্যবহাকারীদের সম্পর্কে তারা কী ধারণা পোষণ করে তার ধারণা পাওয়া গেছে, ৪ হাজার পৃষ্ঠার একটি নথিপত্রে। বুধবার ফেইসবুকের অভ্যন্তরীন নথিপত্রটি ফাঁস হলে জানা যায়, প্রতিদ্বন্দ্বীদের বাগে আনতে তারা কী করে। ইউজার ডেটা নিয়েই বা তাদের ভাবনা কী।

ইনভেস্টিগেটিভ রিপোর্টার ডানকান ক্যাম্পবেল তার ওয়েবসাইটে নথিপত্রটি ফাঁস করেন। তবে তিনি এটা তদন্ত করে বের করেননি। কে বা কারা তাকে এই নথিপত্র দিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। নথিপত্রটিতে আছে, ফেইসবুকের অভ্যন্তরীণ ইমেইল, রিপোর্ট ও ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়ে ফেইসবুকের সিদ্ধান্ত।

নথিপত্র থেকে জানা যায়, ডেটা সুরক্ষা প্রদানের ব্যাপারে যে তারা সচেষ্ট তা ব্যবহারকারীদেরকে কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পরিকল্পনার ছক আঁকেন ফেইসবুকের এক্সিকিউটিভরা। যদিও অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা শেষ করে দেওয়াই তখন তাদের একমাত্র লক্ষ্য ছিল।

ডেটা পলিসি নিয়ে তারা সুইচআরু নামের একটি প্ল্যান সেট করে। ২০১২ সালে অনেক অ্যাপ ডেভেলপারকে ফেইসবুকের ব্যবহারকারীদের ডেটার অ্যাক্সেস পেতে বাধা দেয়। ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী হওয়ায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়। তবে ব্যবহারকারীদেরকে বলা হয়, ডেটা সুরক্ষায় তারা থার্ড পার্টি অ্যাপ নিষিদ্ধ করেছে।

নথিপত্রে এমন আরও অনেক তথ্য আছে যেগুলো ফেইসবুকের বিপক্ষে যায়।

ফাঁস হওয়া এই নথির মধ্যে এমন কিছু ইমেইল ও মেমো আছে যেগুলো মামলার প্রমাণ স্বরূপ ক্যালিফোর্নিয়ার কোর্টে দাখিল করা হয়েছিলো। সিক্সফোরথ্রি নামের একটি অ্যাপ ডেভেলপার কোম্পানি ফেইসবুকের বিরুদ্ধে মামলাটি করেছে। অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা সুইমসুট পরে ছবি তোলা বন্ধুদের ফেইসবুকে খুঁজে পেতেন। ফেইসবুক অ্যাপটি নিষিদ্ধ করায় ২০১৫ সালে ফেইসবুকের বিরুদ্ধে মামলা করে তারা।

এই মামলার নথি প্রকাশ করে ফেইসবুকের বিরুদ্ধে ব্যবহার করে উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ফেইসবুকের মুখপাত্র।

ব্লুমবার্গ ও বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ নভেম্বর ০৭/২০১৯/১৩৩১



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

+ 69 = 70