যাত্রার শুরুতেই হোঁচট খেল ডিজনি প্লাস
ভিডিও স্ট্রিমিং সেবা ডিজনি প্লাসে অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাক হয়ে গেছে অনেক অ্যাকাউন্ট। আর তাদের সন্ধান মিলছে ডার্ক ওয়েবে, যাদের মূল্য নির্ধারণ করেছে হ্যাকাররা ৩-১১ ডলার।
হ্যাকিংয়ের ব্যাপারটিকে অস্বীকার করে ডিজনি বলছে, এমন কোনো ঘটনা ঘটেনি। যারা ডিজনি প্লাসে অ্যাকাউন্ট খুলেছেন তাদের আইডি ও পাসওয়ার্ড অবশ্যই চুরি হয়েছে। এ ক্ষেত্রে গ্রাহকরা অ্যাকাউন্টে ঢুকতে না পারলে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সহযোগিতা চাইতে পারেন।
সাইবারইন্টের প্রধান নিরাপত্তা গবেষক জেসন হিল জানিয়েছেন, ডিজনি প্লাসের অ্যাকাউন্ট খুলতে গ্রাহকরা অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করায় এমন সমস্যা দেখা দিয়েছে। হ্যাকাররা আগে চুরি করা অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন সাইটের অ্যাকাউন্টে প্রবেশে চেষ্টা করেন এবং সফল হলে অ্যাকাউন্ট দখল করে নেন। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা থাকলে তা মনে রাখা আসলেই কঠিন। তাই এ সমস্যা সমাধানে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।
গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্র, কানাডা ও নেদারল্যান্ডসে ডিজনি প্লাসের সেবা চালু হয়। তবে সে দিনই অ্যাপটিতে ঢুকতে গিয়ে ব্যবহারকারীদের সমস্যার মুখে পড়তে হয়। ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে কয়েকশ সিনেমা ও টিভি অনুষ্ঠান দেখতে পারবেন মাত্র ৬ দশমিক ৯৯ ডলার সাবস্ক্রিপশন ফিতে।










