Main Menu

স্যামসাং গ্যালাক্সিতে ভুতুড়ে বার্তা!

সম্প্রতি বিশ্বজুড়ে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন ব্যবহারকারীরা একটি রহস্যজনক বার্তা পেয়ে চমকে উঠেছেন। বার্তাটিতে একটি ওয়ান (1) সংখ্যার নিচে আরেকটি ওয়ান লেখা ছিল। বার্তাটি বুঝতে না পেরে অনেকেই ফোন হ্যাকড হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং টুইটারে এ নিয়ে প্রশ্ন তোলেন। 

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়, বার্তাটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারও ফোন হ্যাকড হয়নি। স্যামসাংয়ের ফাইন্ড মাই মোবাইল অ্যাপ থেকে নোটিফিকেশন আকারে যাওয়া বার্তাটি অনিচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে। বার্তাটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার সময় অনিচ্ছাকৃতভাবে গ্যালাক্সি সিরিজের ফোন ব্যবহারকারীদের ডিভাইসে চলে গেছে।

স্যামসাংয়ের ফাইন্ড মাই মোবাইল সেবাটি স্যামসাংয়ের ডিভাইস ব্যবহারকারীদের দূর থেকে ফোনের অবস্থান শনাক্ত করা, স্যামসাং ক্লাউডে তথ্য সংরক্ষণ, স্থানীয় তথ্য মুছে ফেলার মতো নানা রকমের সুবিধা দেয়। তাই এই সেবাটি থেকে রহস্যময় বার্তা পেয়ে চমকে ওঠাটা স্বাভাবিক।

ভুতুড়ে বার্তা পাঠানোর ৩ ঘণ্টা পর স্যামসাং অফিশিয়াল ইউকে সাপোর্ট চ্যানেল টুইটারে বিষয়টি তুলে ধরে স্যামসাং। তারা বিষয়টিকে ভুল হিসেবে স্বীকার করে বলে, যাদের ফোনে এ ধরনের বার্তা গিয়েছে তাদের ডিভাইসে কোনো প্রভাব পড়বে না। তবে প্রতিষ্ঠানটি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। 

যদিও অদ্ভুত বার্তা দেওয়ার বিষয়টি প্রথমবার নয়। কেননা, গত বছর ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারীদের কাছেও এমন অদ্ভুত বার্তা গিয়েছিল। তখন তারা বলেছিল, সফটওয়্যার আপডেট-বিষয়ক পরীক্ষা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে চীনা অক্ষর বার্তা চলে গিয়েছিল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

57 − 53 =