Main Menu

ক্রাফটভিশন এর জন্ম ও একজন উদ্যোক্তার সেকাল-একাল

ইব্রাহিম খলিল // উদ্যোক্তা হওয়া এক ধরনের নেশার মতো বা রোগের মত, আর তার প্রথম লক্ষণ হল উদ্যমী হওয়া। এই মানসিক রোগটা যার যতো বেশী সে ততবেশী উদ্যোগী ততবেশী সফল। এটা সহজ এবং সরল একটা অংক। উদ্যোক্তা হতে হলে আপনার প্রচন্ড কর্মনেশা থাকতে হবে আর ঝুঁকি নিতে জানতে হবে।

আমার এই ক্রাফটভিশন এর জন্ম বীজ পড়ে ফরিদপুর জেলার রাজবাড়ীতে। আমি তখন সুইডেন ও নরওয়ের একটা প্রজেক্টে কাজ করি। একদিন প্রজেক্ট ভিজিট-এ গিয়ে দেখতে পাই সুইডিশ এক ভদ্রলোক লুঙ্গি বোনার তাঁত কে কিছু বদলিয়ে পাটের সুতা দিয়ে এক ধরনের কাপড় বুনে তা থেকে হাত পার্স, মানি ব্যাগ ও স্কুল ব্যাগ তৈরি করছে। আমি সেখান থেকে কয়েকটি সেম্পল এনে আড়ংকে দেখাই ও তারা সেগুলো পছন্দ করে ।

আর আমি ১০ দিনের মধ্যে চাকরি ছেড়ে নরসিংদীতে কয়েকজন তাঁতী ঠিক করি ও ইমামগঞ্জ থেকে ৯ কেজি ওজনের ১টা পাটের সুতার কোন নিয়ে আসি। এ দিকে ৩/৪ মাস হয় বিয়ে করলাম। নতুন বউ আমাকে খুঁজে পায়না। আমি সারা রাত বসে বসে সুতা জাল দেই পানিতে, কিন্তু সুতা ব্লিচ হয়না। ফজরের আজানের আগে আগে সুতা সাদা হওয়া শুরু হয়েছে। ঐ রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত। পাংশায় যে বীজ লাগিয়েছি, দেখছি তার চারা উঠতে শুরু করেছে।

উদ্যোক্তা শব্দের মধ্যেই মনে হচ্ছে কাউকে বেঁধে রাখছে সে বের হতে চাচ্ছে। আর তার অন্য একটা রূপ হল- বীজ থেকে অংকুর বের হওয়া আর এর জন্য দরকার কর্ম নেশায় নেশাগ্রস্ত হওয়া। ঐ যে নরসিংদী পাটের ময়লা সুতাকে সাদা করলাম, আস্তে আস্তে জীবনে সমস্ত ময়লা দুর করে সাদা করে ফেললাম। তারপর থেকে আর একদিন থেমে থাকেনি কর্ম এবং তার সাথে উন্নতি। আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাকে ছোট বেলার সাইকেল চালানোর সাথে তুলনা করেন। কতবার-ই না পড়ছেন সাইকেল থেকে, পা কেটে গেছে, হাতে ব্যথা পেয়েছেন, কিন্তু আপনার খেয়াল হল আমি শিখবো, আর এটাই হল নেশা-আর এটাই হল একজন উদ্যোক্তার রোগ নির্ণয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

95 − 86 =