ইয়াহু নিবন্ধনের ২৫ বছর
সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকরপোরেটেড প্রতিষ্ঠান হিসেবে ২৫ বছর পূর্ণ করলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইয়াহুর বর্তমান মালিক ভেরিজোন মোবাইল। ১৯৯৪ সালে ইয়াহু প্রতিষ্ঠিত হলেও ১৯৯৫ সালের ২ মার্চ প্রতিষ্ঠানটি ইনকরপোরেটেড হিসেবে নিবন্ধিত হয়। ১৯৯০ সালে ইন্টারনেট যুগের শুরুর দিকে তুমুল জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু’র বর্তমানে নেই কোনও শক্ত অবস্থান। ক্রমাগত নানা ধরনের সমস্যার কারণে ডিজিটাল সেবায় পিছিয়ে গেছে প্রতিষ্ঠানটি।
আজকের (২ মার্চ) নিবন্ধনের দিনটিকে স্মরণ করে নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। ইয়াহু’র মূল পাতার লোগোতে থাকা শেষ দু’টি অক্ষরের মধ্যে 25 শব্দটি লিখেছে প্রতিষ্ঠানটি। ইয়াহু লেখায় ব্যবহার করা শেষ শব্দ দু’টি সাজানো হয়েছে বেলুন আকারে।
বর্তমানে সার্চ ইঞ্জিনের বাইরেও নানা ধরনের ডিজিটাল সেবা দিচ্ছে ইয়াহু। এরমধ্যে উল্লেখযোগ্য ইয়াহু মেইল, নিউজ, গ্রুপস ইত্যাদি।










