দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই জোন করা হবে
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে উচ্চ গতির বিনামূল্যে ওয়াইফাই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে।
দেশের ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে শিগগিরই উচ্চ গতির বিনামূল্যে ওয়াইফাই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সেজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ২০১৮ সালে কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।
এই কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন মন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিটিসিএল এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এখন থেকে শিক্ষার্থীরা ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাবেন।
টেলিযোগাযোগ মন্ত্রী জানান, শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে
প্রাথমিকভাবে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চ গতির ইন্টারনেট
ব্রডব্যান্ড সংযোগের আওতায় আনা হচ্ছে, পর্যায়ক্রমে দেশের সকল বেসরকারি কলেজ
ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণ
করা হবে।
৫৮৭টি
সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটগুলোর মধ্যে ঢাকা বিভাগে
১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা
বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩টি
প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে।
সরকারের
নিজস্ব অর্থায়নে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নের পর বিনামূল্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ১০
এমবিপিএস হারে ব্যান্ডউইথ সরবরাহ করা হবে।
স্বপ্নচূড়া প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আগে নেত্রকোণা জেলা প্রশাসন ভবনে স্বপ্লচূড়া প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন করেন।
ল্যাবে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে ২০টি কম্পিউটার দেওয়া হয়। ল্যাবটিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আউটসোর্সিংসহ কম্পিউটারে দক্ষতা অর্জনের মাধ্যমে বেকার তরুণ-তরণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠান দুটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।










