রেডমি কে ২০ প্রোতে অ্যাম্বিয়েন্ট মোড
গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাম্বিয়েন্ট মোড ফিচার যুক্ত করছে গুগল। ফিচারটি ব্যবহারকারীদের স্মার্টফোন স্ক্রিনকে পরিণত করবে স্মার্ট ডিসপ্লেতে।
ফলে স্মার্টফোনে ক্যালেন্ডার, অ্যাপয়েনমেন্ট, আবহাওয়া, রিমাইন্ডার, নোটিফিকেশন দেখা এবং মিউজিক কন্ট্রোল ও হোম কন্ট্রোল করা আরও সহজ হয়ে উঠবে। এছাড়া, গুগল ফটোস অ্যাপ ব্যবহার করেও স্মার্টফোনকে ডিজিটাল ফটো ফ্রেমে পরিণত করবে অ্যাম্বিয়েন্ট মোড ফিচারটি। সেপ্টেম্বরে বার্লিনে অনুষ্ঠিত আইএফএ সম্মেলনে গুগল অ্যাসিস্ট্যান্টে অ্যাম্বিয়েন্ট মোড ফিচার আনার ঘোষণা দেয় গুগল। সেসময় লেনোভো স্মার্ট ট্যাব এম৮ এইচডি, লেনোভো ইয়োগা স্মার্ট ট্যাব, নকিয়া ৭.২ ও নকিয়া ৬.২ ফোনের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়।
এখন জানা গেছে, শাওমির রেডমি কে২০ প্রো ও নকিয়া ৬.১ প্লাসেও ফিচারটির আপডেট পাঠাতে যাচ্ছে গুগল। পোকোএফ ১ এর এক ব্যবহারকারীও সোশ্যাল ফোরাম রেডিটে ফিচারটির আপডেট পাওয়ার কথা জানিয়েছেন।
ফিচারটি পেতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহারকারীদেরকে সেটিংসে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে বলতে হবে ‘হেই গুগল’। এতে ফিচারটি চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ৯ পাইয়ে ফিচারটি চালু করতে যেতে হবে অ্যাপ সেটিংসে। সেখান থেকে অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতে যেতে হবে ডিভাইসেস অপশনে।










